হৃদয় পান্ডের গুচ্ছ কবিতা

By Published On: March 20, 2026Views: 13

ভাস্কর

এক পেগ রাত,
একগুচ্ছ গোলাপ,
ক্ষতবিক্ষত আমি।

টেবিলের উপর ঝুঁকে আছে
অর্ধেক চাঁদ, গ্লাসে ভাসছে
অদৃশ্য কিছু স্মৃতি।

আমার শরীর থেকে ধীরে ধীরে
কেটে নিচ্ছ স্বপ্ন, সমস্ত অবয়ব,
নিদারুণ নির্দয় ভাস্কর তুমি।

ঝরে পড়ে নীরবতা
আর দাঁড়িয়ে থাকি আমি
অসমাপ্ত এক মূর্তি।


পোস্টমর্টেম

ছুরি তুলে নিই হাতে
কবিতার শরীরে চালাই ধীরে ধীরে।

শব্দের পাঁজর ভাঙে,
রূপকের চামড়া সরে,
ঝরে পড়ে অচেনা রক্ত।

খুঁজি পঙ্ক্তিতে শুয়ে থাকা
গোপন শ্বাস, খুঁজি সত্য।

পরিশেষে পোস্টমর্টেম টেবিলে
পড়ে আছে আমারই ক্ষতবিক্ষত দেহ।


কুয়াশা

অস্থায়ী ঘুমে কিংবা ভ্রমের চিত্রকল্পে
প্রেমিকা ফিরে আসে
পোড়া গোলাপ গুচ্ছ হাতে।

ঠোঁটের ধোঁয়াটে উষ্ণতা,
স্তনযুগলের নরম অন্ধকার, জড়িয়ে ধরে
যেন কুয়াশা নেমে আসে শূন্য মাঠে।

স্মৃতি আর শরীরের মাঝখানে
এক অদ্ভুত নীরবতা আমি দাঁড়িয়ে
অর্ধেক জাগরণে, অর্ধেক স্বপ্নে।


এক পেগ হুইস্কি কিংবা স্লিপিং পিল


এক পেগ হুইস্কি
কিংবা স্লিপিং পিলে
ধীরে ধীরে নিভিয়ে দিতে চাই রাতকে।

ঘুম নামে না,তোমার স্মৃতির পেয়ালা
বারবার উঠে আসে ঠোঁটে।

আমি চুমুক দিই অন্ধকারে,
ঘুম নেই, শরীর ক্লান্ত,
তোমার অনুপস্থিতিই
এখন সবচেয়ে তীব্র।

0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments