ঝমঝমাঝম বৃষ্টি পড়ে

By Published On: July 13, 2026Views: 2

ঝমঝমাঝম বৃষ্টি পড়ে
সুশান্ত কুমার দে

ঝমঝমাঝম বৃষ্টি পড়ে টিনের চালে শব্দ করে
বনে বনে পাখপাখালি- চুপটি করে বন্দি ঘরে।
গর্তে ঢুকে খেঁকশিয়াল, বৃষ্টির জলে ডুবে মরে।
হাম্বা হাম্বা ডাকে গরু; বজ্রপাতের শঙ্কায় ডরে।

তালগাছটা নুয়ে পড়ে, বাবুই বাসা ভেঙে পড়ে
ছুটে পালায় কুকুরছানা মেঘবৃষ্টির সঙ্গে লড়ে।
পথিক ভাই, হাটে যায় – মাছ কিনতে সস্তা দরে
ছেলেটি তার সঙ্গে যায়, লম্বা ছাতার বাট ধরে।

জানালার ধারের কদমগাছ, বাতাসে নড়েচড়ে
কদম ফুলের সুবাসে খোকন ঘুমায় অকাতরে।
ঘরের বাইরে যেতেই মানা, দাঁড়িয়ে খুকু দোরে
বিড়ালছানা ঘরে আয়, বৃষ্টি এল জোরেশোরে?

আকাশ থেকে মেঘ ভেঙ্গে চারিদিক বৃষ্টি ঝরে
খোকাখুকি জলে ভিজে ভুগিস নে সর্দি জ্বরে?
নদী নালা টইটুম্বুর; কানায় কানায় জলে ভরে
ডাঙ্গায় ওঠে চ্যাঙ শোল, ব্যাঙেরা কাব্য পড়ে।
উঠোন খানা স্যাঁতস্যাঁতে ছোটে ঐ কে জোরে
সড়াৎ সড়াৎ পা পিছলে- চিৎপটাং দাদু ওরে!

0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});